অমৃত (শ্রীম-র প্রতি) – চিত্তশুদ্ধি মানে কি?
শ্রীম – মনকে রূপরসাদি থেকে তুলে নেওয়ার নামই চিত্তশুদ্ধি।
ঐ থেকে তুলে ফেল্লেই শুদ্ধ আর ঐতে রাখা অশুদ্ধ।
শুদ্ধচিত্তেই ঠিক যোগ হয়।
ঠাকুর বলতেন, তখন একটি ভাগবতী তনু হয়।
তার নাক, মুখ, চোখ সব আছে। তাঁর কৃপাতে তপস্যা দ্বারা ঐটি হয়।
তাঁ’তে আবার এ শরীরের মত রূপরসাদি ভোগ হয়।
স্থুল ভোগ নয় – চিন্ময় ভোগ সব।
যতক্ষণ ঐটি না হয় তার জন্যই ততক্ষণ ভক্তরা প্রতিমা দর্শন করে, তাঁর প্রসাদ আস্বাদন করে, সুগন্ধি পুষ্প আঘ্রাণ করে, তাঁর নাম করে ও প্রতিমার পাদস্পর্শ করে থাকে।
এইটি বাহ্য – এইটি করতে করতে চিত্তশুদ্ধ হলে, তখন ভাগবতী তনুতে চিন্ময় ভোগ হয়, এইরূপ। এগুলি ভাল।
ভোগ করবে তো তাঁকে নিয়ে কর – তাঁকেই ভোগ কর।
এগুলি relative (ব্যবহারিক), Absolute (নিত্য সত্য) তিনি। একবারে ডুবে যাওয়া, এক হয়ে যাওয়া – সব জল মহাসাগর।
সেটি তো হচ্ছে না। তাই কি করা যায়?
দাস হয়ে থাক – ঐ ভাবে। – শ্রীম দর্শন।।
