যদি উপনিষদে এমন কোন শব্দ থাকে যা বজ্রবেগে অজ্ঞানরাশির উপর পড়ে তাকে একেবারে ছিন্নভিন্ন ক’রে ফেলতে পারে তবে তা ‘অভীঃ’।যদি জগতকে কোন ধর্ম শেখাতে হয় তবে তা এই ‘অভীঃ’। ওঠ জাগো- নিজেদের দুর্বল ভেবে তোমরা যে মোহে আচ্ছন্ন হয়ে আছ তা দূর করে দাও। কেউই প্রকৃতপক্ষে দুর্বল নয়-আত্মা অনন্ত, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ । ওঠ, নিজের স্বরূপ প্রকাশিত কর-তোমার ভেতর যে ভগবান রয়েছেন তাঁকে উচ্চৈঃস্বরে ঘোষণা কর, তাঁকে অস্বীকার ক’র না। আমাদের জাতির ভেতর ঘোর আলস্য, দুর্বলতা ও মোহ এসে পড়েছে। তোমরা নিজ নিজ স্বরূপের চিন্তা কর এবং সর্বসাধারণকে তা শিক্ষা দাও। ঘোর মোহ-নিদ্রায় অভিভূত জীবাত্মার নিদ্রা ভঙ্গ কর। আত্মা প্রবুদ্ধ হলে শক্তি আসবে, মহিমা আসবে, সাধুত্ব আসবে- যা কিছু ভাল সবই আসবে। -স্বামী বিবেকানন্দ